পদত্যাগের ঘোষণা দিলেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকপ্রধান

টানা কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান ঘটালেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দ। অবশেষে পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। ইসিবির প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ পূর্ণ করার প্রায় নয় মাস আগেই সরে দাঁড়াচ্ছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকালে এক ভিডিও বার্তায় পদত্যাগের ঘোষণা দেন লাগার্দ। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি তিনি এ পদ থেকে সরে দাঁড়াবেন। অথচ তার মেয়াদ আগমাী বছরের অক্টোবরের শেষ পর্যন্ত থাকার কথা।
ভিডিও বার্তায় লাগার্দ বলেন, ইসিবিতে কাজ করা তার জন্য ‘অত্যন্ত গর্বের ও বিরাট সৌভাগ্যের’ বিষয়। তিনি বলেন, ‘আমি মনে করি, ভালো কাজ সম্পন্ন করার অনুভূতি নিয়ে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি ইসিবি রেখে আমি এই প্রতিষ্ঠান ছাড়ছি।’
ইউরোজোনের সুদের হার নির্ধারণ নিয়ে বৈঠকে ইসিবির গভর্নিং কাউন্সিলের সদস্যরা লাগার্দকে ধন্যবাদ জানান এবং দীর্ঘক্ষণ ধরে তাকে অভিবাদন জানান।
লাগার্দকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) দায়িত্ব নেওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। সংস্থাটির বার্ষিক সভা প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের বিরুদ্ধে আর্থিক ও নৈতিক অসদাচরণের অভিযোগ ওঠার পর গত বছর তিনি পদত্যাগ করেন। তবে শোয়াব এসব অভিযোগ অস্বীকার করেছেন।

