সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ এএম
খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার ২

মেহেরপুরের বারাদী বাজারে কথা-কাটাকাটির জেরে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা করে অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ। এ সময় চারটি স্মার্টফোন ও একটি মাল্টি-কারেন্সি ভিসা ডেবিট কার্ড জব্দ করা হয়। গতকাল সোমবার জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার দুজন হলেন মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের আবু সাইদের ছেলে সাব্বির আহমেদ (২২) এবং গহরপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মাফুজুর রহমান শিপন (২৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে বলিয়ারপুর মাদরাসায় ওয়াজ শুনতে যাওয়ার পথে কথা-কাটাকাটির জেরে বারাদী কোল্ড স্টোরের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সাব্বির ও শিপন নতুন দরবেশপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রিয়াদকে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। এ সময় তারা খেলনা পিস্তলটি পাশের একটি গলিতে ছুড়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে খবর দেন। খোঁজাখুঁজির পর গলির ভেতর থেকে খেলনা পিস্তলটি উদ্ধার করা হয়। খবর পেয়ে বারাদী পুলিশ ফাঁড়ি, মেহেরপুর সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে যান। পরে দুই যুবককে বারাদী বাজারে বারাদী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশে জান্নাত এন্টারপ্রাইজের সামনে থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা পিস্তলটি পরীক্ষা করে সেটি খেলনা বলে নিশ্চিত হয় পুলিশ। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি স্মার্টফোন ও একটি মাল্টি-কারেন্সি ভিসা ডেবিট কার্ড জব্দ করা হয়। জব্দ করা ফোনগুলোর মধ্যে রয়েছে রুপালি ও কমলা রঙের দুটি আইফোন ১৭ প্রো ম্যাক্স, সাদা রঙের একটি অপো এ১৫এস এবং গ্লোয়িং গ্রিন রঙের একটি অপো এ৫৭। এ ছাড়া ‘ঝঅইইওজ অঐঅগঊউ’ নাম লেখা ডাচ্-বাংলা ব্যাংকের একটি মাল্টি-কারেন্সি ভিসা ডেবিট কার্ড জব্দ করা হয়েছে। পরে জব্দ করা স্মার্টফোনগুলোর ফরেনসিক পরীক্ষা করে অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, দুটি আইফোন ১৭ প্রো ম্যাক্সের প্রতিটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা। অপো এ১৫এসের মূল্য প্রায় ১৩ হাজার টাকা এবং অপো এ৫৭-এর মূল্য প্রায় ১৭ হাজার টাকা। সে হিসাবে চারটি স্মার্টফোনের আনুমানিক মোট মূল্য চার লাখ ৩০ হাজার টাকা। সোমবার এ ঘটনায় গ্রেফতার দুই যুবকের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা বলেন, ‘খেলনা পিস্তল দিয়ে ভয় দেখানোর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুই যুবকের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার সাইট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ পাওয়া যায়। পরবর্তী সময়ে জুয়া প্রতিরোধ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অনলাইন জুয়ার কার্যক্রমের সঙ্গে তাদের পাশাপাশি অন্য কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...