দর্শনা-লোকনাথপুর সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা, ডাকাতির চেষ্টা নাকি নাশকতা নিয়ে রহস্য

চুয়াডাঙ্গার দর্শনা-লোকনাথপুর সড়কে রাতের আঁধারে একটি গাছ কেটে ফেলে রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির ঘটনা ঘটেছে। ব্যস্ততম এই সড়কে হঠাৎ এভাবে গাছ ফেলে রাখার ঘটনায় পথচারী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটি কোনো ডাকাত দলের তৎপরতা, নাকি নিছক অন্তর্ঘাতমূলক কাজ—তা নিয়ে চলছে নানা গুঞ্জন।
স্থানীয় বাসিন্দারা জানান, দর্শনা-লোকনাথপুর-পরানপুর সংযোগ সড়ক দিয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের দিকে যাওয়ার পথে লোকনাথপুর এলাকায় সড়কের ওপর আড়াআড়িভাবে গাছটি পড়ে থাকতে দেখা যায়। রাস্তার ধারের একটি গাছ এমন কৌশলে কেটে ফেলা হয়, যাতে কোনো যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে না পারে। সকালে চলাচল করতে গিয়ে পথচারী ও মোটরসাইকেল আরোহীরা গাছটি দেখে চরম ভোগান্তিতে পড়েন।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদিন ধরে আলোচনা-সমালোচনা চললেও শুরুতে বিষয়টি দামুড়হুদা থানা পুলিশের নজরে আসেনি। স্থানীয় লোকজনের মনে প্রশ্ন উঠেছে, রাতের নির্জনতায় কে বা কারা কী উদ্দেশ্যে সড়কটিতে গাছ ফেলে রেখেছিল। বড় ধরনের ডাকাতির ছক ছিল কি না, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। তবে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সুনির্দিষ্ট প্রমাণ এখনও মেলেনি। স্থানীয়রা ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি তুলেছেন।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকালে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।
অন্যদিকে দামুড়হুদা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেল প্রথমে জানান, সারাদিন গাছ কাটা বা এ সংক্রান্ত কোনো অপরাধের তথ্য তার জানা নেই এবং কোনো খবরও তার কাছে পৌঁছায়নি। তবে রাত ৯টার পর তিনি পুনরায় জানান, গাছটি অনেক আগেই কাটা হয়েছিল। এ নিয়ে কোনো দুর্ঘটনা ঘটেনি কিংবা কোনো অপরাধের প্রমাণও মেলেনি। এছাড়া দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল ঘুরে এসেছে।
রাতের আঁধারে সড়কের ওপর গাছ ফেলার অভিযোগ এবং পুলিশের বক্তব্যের মধ্যকার এই অমিল পুরো বিষয়টিকে ঘিরে স্থানীয়দের কৌতূহল ও রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

