কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, ৪ কোটি টাকার মদ-বিয়ার জব্দ

রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত দল। জব্দ করা ২ হাজার ৩৫৯ লিটার মদ ও বিয়ারের শুল্কসহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা। এসব পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহমেদ।
এর আগে গুলশানের ৪৫ নম্বর সড়কের ৩৩ নম্বর প্লটের ওই বারে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানটি রাত সাড়ে ৩টা পর্যন্ত চলে।
এনবিআরের নির্দেশনায় এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সার্বিক তত্ত্বাবধানে চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ দল অভিযানটি পরিচালনা করে। দলটিতে ছিল সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)। অভিযানে সার্বক্ষণিক সহযোগিতা দেয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহমেদ বলেন, উচ্চ শুল্ক আরোপযোগ্য পণ্য বিশেষ করে মদ ও মদজাতীয় পানীয়ের শুল্ক ফাঁকি দিয়ে সংগ্রহ ও বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় রেস্টুরেন্টের ভেতরে একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া যায়। সেখানে বিপুল পরিমাণ মদ ও বিয়ার মজুত ছিল। প্রতিষ্ঠানের ওয়্যারহাউস ও ডিসপেনসারিতেও মদ ও মদজাতীয় পানীয় পাওয়া যায়।

