‘বিএনপির রাজনীতিতে পরিবর্তন নেই, শুধু চালক বদলেছে’

‘বিএনপির পুরোনো রাজনীতি ও রাজনৈতিক পদ্ধতিতে কোনো মৌলিক পরিবর্তন নেই। জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক সংস্কৃতি কিংবা অর্থনৈতিক কাঠামো নিয়ে বিএনপির কোনো বাস্তব পরিকল্পনা বা ভিশন দেখা যাচ্ছে না।’
সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান আলাপনে এসে এসব মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির মুখ্য সংগঠক মহিউদ্দিন হাওলাদার রনি।
মহিউদ্দিন রনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে দেশের সাধারণ মানুষ একসঙ্গে লড়াই করেছে এবং রাজপথে জীবন দিতে এগিয়ে এসেছে। কিন্তু নতুন পরিস্থিতিতে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির নিজেদের যেভাবে পরিবর্তন করা প্রয়োজন ছিল, তা তারা করতে পারেনি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার গাড়ির পেছনে যেভাবে নেতাকর্মীরা দৌড়াতেন, এখনও একইভাবে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের দলীয় নেতাদের গাড়ির পেছনে দৌড়াতে দেখা যায়। পুরোনো রাজনৈতিক পদ্ধতির এই ধারাবাহিকতা অনেকটা চালক বদলানোর মতো। এতে মূল ভাঙা বাসের কোনো পরিবর্তন হয়নি।

