শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

জাতীয় শ্রমিকশক্তির উদ্যোগে অনুষ্ঠিত গাজীপুরে নিহত গার্মেন্টস শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে আছে। শ্রমিক ভাইবোনদের বলব, আপনারা সতর্ক থাকবেন। আমরা শ্রমিকদের ন্যায্য, অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে আছি।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতা করে সেখান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে। রাষ্ট্রীয়ভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়ে আপনাদের দমন করার চেষ্টা করা হবে। এই দুই শক্তির বিরুদ্ধে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। বাংলাদেশের জনগণ আপনাদের সঙ্গে আছে।

