ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি, মাঠে থাকবে এসআরবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারির সঙ্গে কাজ করার কথা জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নাশকতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুরের এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।
তিনি জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৩ দায়িত্ব পালন করবে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঠাকুরগাঁও-১ আসনে মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ এবং ৭০টি কেন্দ্রকে ‘মধ্যম গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের আগের দিন ২৮ অক্টোবর থেকে ভোটের দিন এবং পরবর্তী দুই দিন (৩১ অক্টোবর পর্যন্ত) এসআরবি সদস্যরা মাঠে নিয়োজিত থাকবেন।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে সমন্বিত টহল পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে ছয়টি মোবাইল টহল দল এবং দুটি স্ট্রাইকিং রিজার্ভ দল মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। এসব দল এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্তকরণ এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে।
এ ছাড়া নিরাপত্তা জোরদারে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে, যা গুরুত্বপূর্ণ স্থানে সন্দেহজনক বস্তু শনাক্তে কাজ করবে। বিস্ফোরকসংক্রান্ত হুমকি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে একটি বোমা ডিসপোজাল ইউনিট। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত তথ্য সংগ্রহের জন্য ড্রোন ব্যবহার করা হবে। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে টহল সদস্যরা ব্যবহার করবেন বডি-ওর্ন ক্যামেরা।

