তাহসিফের লাশ উদ্ধার: দীপ-দিশার বক্তব্য মেলাচ্ছে পুলিশ

তদন্তসংশ্লিষ্টরা জানান, তাহসিফের বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ এবং তাহসিফের বান্ধবী হিসেবে পরিচিত জেরিকা তাসনিম দিশা রিমান্ডে আছেন। তাঁদের জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এখনো তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি।
তদন্তে তাহসিফের মৃত্যুর আগের রাতের ঘটনাপ্রবাহকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মৃত্যুর আগে তিনি কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে ছিলেন, রেস্টুরেন্ট ও বারে কী ঘটেছিল এবং সেখানে কতক্ষণ অবস্থান করেছিলেন—এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেখান থেকে বের হওয়ার পর কে কোথায় গিয়েছিলেন, তা-ও খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্টরা। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত মিলিয়ে টঙ্গীর হাজী মাজার এলাকায় তাঁরা কেন গিয়েছিলেন এবং সেখানে কী ঘটেছিল, তা যাচাই করা হচ্ছে।
এর আগে দীপ জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে হাজী মাজার এলাকা থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। এরপর তাহসিফের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

