ভোলা হাসপাতাল: আইসিইউর দাবিতে অবস্থান

২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালের নতুন ভবনের প্রবেশপথে গতকাল বুধবার দুপুরে প্ল্যাকার্ড হাতে বসে থাকতে দেখা যায় যুবক নয়ন খানকে। হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে–দ্বীপ জেলা ভোলার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ও সিসিইউ চালু করা হোক। তাঁর দাবির প্রতি সমর্থন জানিয়ে পাশে বসেছেন আরও তিন যুবক।
ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকায় বসবাস করা নয়ন জানান, গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ বাবাকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। কিন্তু প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ সুবিধা না থাকায় বাবাকে বাঁচানো সম্ভব হয়নি বলে মনে করেন তিনি। এ জন্য বন্ধ থাকা আইসিই চালু করার দাবিতে গত ২৮ অক্টোবর থেকে প্রতিদিন দুপুরের দিকে কখনো আধা ঘণ্টা আবার কখনো এক ঘণ্টা একাই হাসপাতালের সামনে হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান। হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।

