কিশোরগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত ব্যক্তিরা বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বাজিতপুর বাজারের এমপি মার্কেটের সামনে কৈলাগ ইউনিয়ন ও পৌরসভার দরিঘাগটিয়া এলাকার দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টর্চলাইট জ্বালিয়ে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এমপি মার্কেটের সামনে একটি মোবাইল ফোনের দোকানের ভেতর থেকে দরিঘাগটিয়া এলাকার কালাম কৈলাগ এলাকার জিদানকে উদ্দেশ করে ‘তুই বাজারে কী করস’ বলে প্রশ্ন করেন। এ নিয়ে পূর্ববিরোধের জেরে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মুরাদের দোকানে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।
এর কিছুক্ষণ পর জিদান কৈলাগ ইউনিয়ন থেকে লোকজন নিয়ে বাজিতপুর বাজারে যান। সেখানে কালামকে না পেয়ে ওই মোবাইল ফোনের দোকানদারকে টেঁটা দিয়ে আঘাত করেন এবং দোকানে ভাঙচুর চালান। পরে তারা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

