মেহেরপুর সীমান্তে সোয়া ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

মেহেরপুরের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৩২টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।
আটক ব্যক্তিরা হলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আবু বক্করের ছেলে আসাদুল হক (৫০) এবং একই গ্রামের মাদার আলীর ছেলে জুয়েল হোসেন (৩০)।
বিজিবি সূত্রে জানা গেছে, স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পেয়ে রোববার দুপুরে মেহেরপুরের নাজিরাকোনা সীমান্ত এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। সে সময় ব্যাগ হাতে দুই ব্যক্তিকে সীমান্তের দিকে এগোতে দেখে তাদের থামার নির্দেশ দেওয়া হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়।
পরবর্তী সময়ে ফেলে দেওয়া ব্যাগটি তল্লাশি করে ভেতরে থাকা ৩২টি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৩ দশমিক ৯৪১ কেজি, যার বাজারমূল্য প্রায় ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দ করা স্বর্ণের বারগুলো মেহেরপুর জেলা ট্রেজারি কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

