জামালপুর নার্সিং কলেজে ষষ্ঠ দিনেও শাটডাউন, রাতে মশাল মিছিল

নতুন ইন্সট্রাক্টর ইনচার্জের বদলির আদেশ বাতিল ও প্রাতিষ্ঠানিক সংকট নিরসনের দাবিতে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে শিক্ষার্থীদের ডাকা অনির্দিষ্টকালের 'কমপ্লিট শাটডাউন' ষষ্ঠ দিনে গড়িয়েছে। লাগাতার এই কর্মসূচির কারণে কলেজটিতে সব ধরনের ক্লাস ও ব্যবহারিক প্রশিক্ষণ বন্ধ রয়েছে।
প্রতিবাদের অংশ হিসেবে রোববার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে ক্যাম্পাসে মশাল হাতে অবস্থান কর্মসূচি পালন করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, নতুন দায়িত্বপ্রাপ্ত ইন্সট্রাক্টর ইনচার্জের বদলি আদেশ প্রত্যাহারসহ নানা দাবি নিয়ে তারা বেশ কয়েক দিন ধরে মাঠে রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান আসেনি। দ্রুত দাবি মেনে নিয়ে ক্যাম্পাসে স্বাভাবিক ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।
এদিকে টানা কর্মসূচি চলার কারণে একাডেমিক কার্যক্রম ও হাসপাতালে ব্যবহারিক প্রশিক্ষণ বন্ধ থাকায় শিক্ষাজীবন ব্যাহত হওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অনড় অবস্থানে রয়েছেন তারা।
আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থী লাভলু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা খুবই ক্ষুব্ধ। আর কতদিন এভাবে আন্দোলন করব? ছয় দিন ধরে ক্লাস-প্র্যাকটিস বন্ধ রেখে রাস্তায় থাকতে হচ্ছে। আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমরা আর আশ্বাস চাই না, এবার একটা সুরাহা চাই। কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি সমাধান করুক।’

