কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুন: ১১ দিন পর মনিরামপুরে পৌঁছাল চারজনের মরদেহ

মরদেহ বাড়িতে পৌঁছানোর খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী শেষবারের মতো তাঁদের দেখতে মোহনপুরে নিহতদের বাড়িতে ভিড় করেন। এরই মধ্যে স্থানীয় মসজিদগুলো থেকে চারটি খাটিয়া আনা হয়েছে। পারিবারিক কবরস্থানে পাশাপাশি খোঁড়া হচ্ছে চারটি কবর।
নিহত নাহিদুর রহমান তুহিন (৪১), তাঁর স্ত্রী আফসানা তানজি (৩৬) এবং দুই মেয়ে রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানার (৩) মরদেহ বুধবার দুপুরে গোসল করানোর পর বিকেল ৩টায় স্থানীয় বাঁধাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
চারজনের মরদেহের অবশিষ্টাংশ দেখে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন স্বজনেরা। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

নিহত তুহিনের মামা খাইরুল আলম জানান, ১০ বছর আগে তুহিনের মা মারা গেছেন। তাঁর বড় ভাই প্রিন্স সিলেটে চাকরি করেন। চাকরির সুবাদে তুহিন পরিবার নিয়ে ঢাকার মিরপুরে বসবাস করতেন। তাঁদের কোনো বোন নেই। গ্রামের বাড়িতে থাকেন বৃদ্ধ বাবা মতিয়ার রহমান।

