৮ মাস ধরে বিদ্যুৎহীন ফরিদপুরের নারিকেলবাড়িয়া ইউনিয়ন, দুর্ভোগে দেড় হাজার পরিবার

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাবেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে প্রায় আট মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপিত সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবার। দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। পাশাপাশি ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মাবেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। তবে ক্যাবল ছিঁড়ে যাওয়ায় প্রায় আট মাস ধরে পুরো ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘ সময়েও সংযোগ পুনরায় চালু না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে না পারায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। একই সঙ্গে মোবাইল ফোন চার্জ দেওয়া থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
ইউনিয়নের নন্দলালপুর গ্রামের বাসিন্দা রাজা মল্লিক বলেন, প্রায় আট মাস ধরে আমাদের এলাকায় বিদ্যুৎ নেই। সন্ধ্যা হলেই অন্ধকারে থাকতে হয়। ছেলেমেয়েদের পড়াশোনায় অনেক সমস্যা হচ্ছে। মোবাইল ফোন চার্জ দেওয়াসহ দৈনন্দিন নানা কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর দাবি জানাই।

