চুয়েটে এক দিনের নতুন ভিসি, শিক্ষার্থীদের এক দিনের শাটডাউন

উপাচার্যের পাঠানো ই-মেইল বার্তায় বলা হয়, ‘২ নভেম্বর ইউজিসির একটি সরকারি সভায় অংশ নিতে ঢাকায় অবস্থান করব। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে বিধিবদ্ধ বিধান অনুযায়ী অধ্যাপক দেলোয়ার হোসেনকে তাঁর নিজ দায়িত্বের পাশাপাশি উপাচার্যের রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালনের অনুরোধ ও ক্ষমতা দেওয়া হয়েছে। ১ নভেম্বর বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হয়েছে। ২ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত এই দায়িত্ব অধ্যাপক দেলোয়ারের কাছেই থাকবে।’
এদিকে এক দিনের রুটিন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা রোববার এক দিনের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। শাটডাউন চলাকালে সব ক্লাস, পরীক্ষা এবং রুটিন দায়িত্বের ভিত্তিতে পরিচালিত যেকোনো প্রশাসনিক কার্যক্রম বয়কটের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এক দিনের রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে রোববার বিকেলে ক্যাম্পাসে বিক্ষোভও করেন তাঁরা।
শিক্ষার্থীরা জানান, তাঁদের দাবি ও আপত্তির বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করা হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

