শ্রমিক বিক্ষোভে গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটি

বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রোববার (১ নভেম্বর) শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধের মুখে গাজীপুরে শতাধিক এবং সাভার-আশুলিয়ায় ১৭৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে সোমবারও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১ নভেম্বর) রাতে গাজীপুরে শতাধিক কারখানায় ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
তিনি জানান, শ্রমিক বিক্ষোভের মুখে এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অধিকাংশ কারখানা আগামীকাল খোলা থাকতে পারে।
অন্যদিকে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের কারণে ১৭৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দুপুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কয়েকটি কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। তবে দিনভর উত্তেজনা ও বিভিন্ন স্থানে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় পরদিনও শ্রমিক অসন্তোষের আশঙ্কা রয়ে গেছে।
রোববার সকাল থেকেই নিট এশিয়া, আল-মুসলিম, সাবিহা অ্যাপারেলস, টাউজার লাইন, এস ২১, শারমিন ও হামীম গ্রুপের কারখানাসহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নরসিংহপুর ও আশপাশের এলাকার শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে তারা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের ইউনিক ও নরসিংহপুর এলাকায় অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

এদিকে, দুপুরের দিকে সাভারের হেমায়েতপুরে একেএইচ গ্রুপের একটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেন বন্ধ করে দেন। এ সময় কারখানার স্থাপনা ও কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

