ইরানে মার্কিন-ইসরায়েলের হামলায় পরিবারের ১২ জনকে হারান হামেদ

বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে থাকতেই হঠাৎ শিস দেওয়ার মতো শব্দ শুনতে পান হামেদ। এর পরপরই আঘাত হানে প্রথম ক্ষেপণাস্ত্রটি। বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। এ অবস্থায় স্ত্রী, বাবা, মা ও দাদাসহ পরিবারের সবার ফোনে যোগাযোগের চেষ্টা করেন তিনি। কিন্তু কোনো ফোনেই সংযোগ পাননি।
তখনো হামেদের বিশ্বাস হচ্ছিল না, ক্ষেপণাস্ত্রটি তাঁর বাড়িতেই আঘাত হেনেছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন, ভবনটির কেবল কঙ্কালসার কাঠামো পড়ে আছে। আগুনে পুড়ছে চারপাশ। দ্বিতীয় তলায় স্ত্রীকে খুঁজতে চাইলেও সিঁড়ির কোনো অস্তিত্ব ছিল না। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কয়েকজন প্রতিবেশীকে উদ্ধার করে রেড ক্রিসেন্টের কর্মীরা।
হামেদ ভেবেছিলেন, উদ্ধারকর্মীরা হয়তো তাঁর পরিবারের সদস্যদেরও জীবিত খুঁজে পাবেন। কিন্তু সেদিন সন্ধ্যা পর্যন্ত ভবনটির ধ্বংসস্তূপ থেকে পরিবারের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তী ২০ দিন ধরে তিনি নিজেই ধ্বংসস্তূপ ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের মধ্যে স্বজনদের খুঁজেছেন।

