এবার ইরানি জাহাজ ছিনতাই করল সোমালীয় জলদস্যুরা

সোমালিয়ার উত্তর-পূর্ব উপকূলের কাছে ২৩ জন নাবিক ও নিরাপত্তাকর্মীসহ একটি ইরানি জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা। ছিনতাই হওয়া জাহাজটিতে ২১ জন ইরানি জেলে এবং দুজন সোমালি নিরাপত্তারক্ষী ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সিকিউরিটি সেন্টার ইন্ডিয়ান ওশান (এমএসসিআইও) এ তথ্য জানিয়েছে।
সোমবার (২ নভেম্বর) সোমালিয়ার পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্সের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বন্দর বায়লা ও হাফুনের মধ্যবর্তী জলসীমায় জাহাজটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাঁর ভাষ্য অনুযায়ী, ১২ জন জলদস্যু জাহাজটিতে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয়। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তিনি এ তথ্য জানান।
এদিকে গত শনিবার প্রকাশিত এক সতর্কবার্তায় এমএসসিআইও জানায়, জাহাজটিতে থাকা ২৩ জনের বর্তমান অবস্থা ও নিরাপত্তা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

