বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ভালো ফল নিয়ে ভর্তি হয়েও নটর ডেমে কেন অকৃতকার্য ৩৮ শিক্ষার্থী?

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম
ভালো ফল নিয়ে ভর্তি হয়েও নটর ডেমে কেন অকৃতকার্য ৩৮ শিক্ষার্থী?

দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি নটর ডেম কলেজ। সারা দেশের বিভিন্ন কলেজ থেকে এসএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের বড় অংশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এটি। মেধা যাচাইয়ের মাধ্যমে তাদের মধ্য থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা এখানে ভর্তির সুযোগ পান। তবে ভালো ফল নিয়ে ভর্তি হয়েও এবার এইচএসসিতে কলেজটির ৩৮ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

এর বাইরে রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় অংশ নেননি আরও ১৬ জন। ফলে পরীক্ষায় অংশ নিয়ে ফেল করা ও অনুপস্থিত মিলিয়ে কাগজে-কলমে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫৪।

নাম প্রকাশে অনিচ্ছুক নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক এশিয়া পোস্টকে বলেন, ‘রাজধানীর নামকরা এ শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক ছাত্র নিয়মিত ধূমপানের পাশাপাশি মাদকে আসক্ত। এ কারণে প্রতিবছর অনেকে শিক্ষাজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এর অনেক উদাহরণ থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে উদাসীন।’

কলেজটি থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৩ হাজার ২৫৬ জন। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন।

যারা পরীক্ষায় অংশ নেননি, তাদের বেশ কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। কেউ দেশের বাইরে থাকায় পরীক্ষা দিতে পারেননি।

সাধারণত, বিজ্ঞান বিভাগে জিপিএ ৫, বাণিজ্য বিভাগে জিপিএ ৪ এবং মানবিক বিভাগে জিপিএ ৩ পাওয়া শিক্ষার্থীরা নটর ডেম কলেজে ভর্তির আবেদন করার সুযোগ পান। আবেদনকারীদের মধ্য থেকে জিপিএ ও লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য বাছাইকৃতদের নির্বাচিত করা হয়।

বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যম থেকে ১৯০০ জন এবং ইংরেজি বিভাগ থেকে ৪০০ জনকে নির্বাচিত করা হয়। মানবিক বিভাগ থেকে নির্বাচিত হন ৬০০ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মৌখিক পরীক্ষার ডাক পান ৮৫০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এরপর এসএসসির জিপিএ এবং লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে ভর্তির জন্য ছাত্রদের মনোনীত করা হয়।

ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে বাংলা ও ইংরেজির পাশাপাশি উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে প্রশ্ন তৈরি করা হয়। মানবিক বিভাগে প্রশ্ন থাকে বাংলা, ইংরেজি, আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) ও সাধারণ জ্ঞানের ওপর। ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্ন তৈরি হয় বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান বিষয়ে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...